আদমদিঘীতে সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ দিশেহারা ক্রেতারা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 22 July, 2026 । 5:22 pm

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে শাক-সবজি ক্ষেত ডুবে যাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে শাক-সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। হঠাৎ বাজার অগ্নিমূল্য হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ। সবজির পাশাপাশি হঠাৎ লাফিয়ে বেড়েছে কাঁচামরিচের দামও। মানভেদে প্রতিটি সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে দেখা যায়, বাজারে সবজির আমদানি পর্যাপ্ত থাকলেও দাম চড়া। একই অবস্থা উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট, ছাতিয়ানগ্রাম হাট, নশরতপুর হাট, কুন্দগ্রাম হাট ও চাঁপাপুর হাটসহ বিভিন্ন গ্রামীণ বাজারে।

বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ আগেও যে আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে, তা এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পটল ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, করলা ৪০ টাকা থেকে ১০০ টাকা, ঝিঙা ৪০ টাকা থেকে ৮০ টাকা এবং বেগুন ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পালং, কলমি, লাল, পুঁই ও পাট শাকসহ প্রতিটি শাকের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এ ছাড়া গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ১৫০ টাকায়।

আদমদীঘি হাটে আসা ভ্যানচালক আবুল হোসেন, জীবন বর্মন এবং টমটম চালক উজ্জ্বল হোসেন ও অপূর্ব সরকার বলেন, “যে হারে সবজির দাম বেড়েছে, তাতে আমাদের মতো দিন আনে দিন খায় মানুষের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সারাদিন যা আয় হয়, তা দিয়ে চাল কিনতেই শেষ। তরকারি কিনব কীভাবে?

হাটের সবজি বিক্রেতা আলীবর ও আজিজুলসহ কয়েকজনের দাবি, অতিরিক্ত বৃষ্টিতে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমছে, যার সরাসরি প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।

 

জাগো সংবাদ/আরাফাত/এনামুল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন