লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জারিরদোনা শাখা খাল পুনখননের পর মহাসড়কের একাংশ এবং সংলগ্ন ঘাটওয়াল এলাকায় ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে সড়কটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে এবং যেকোনো মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাল পুনখননের পর প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা এবং অপরিকল্পিতভাবে খননকাজ পরিচালনার ফলে সড়কের পাশের মাটি ধসে পড়তে শুরু করে। ধস ক্রমেই বিস্তৃত হওয়ায় সড়কের বড় একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত কার্যকর সংস্কারকাজ শুরু না হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি সম্পূর্ণ ধসে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজারো মানুষের যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাওয়া-আসা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্থানীয়রা দ্রুত ধসপ্রবণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণমাধ্যমকে বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমি নিজে সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত সড়ক ও ঘাটের অংশ দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”
জনদুর্ভোগ এড়াতে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 2:26 pm