কুড়িগ্রামে ১ আগস্ট শনিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলে কুড়িগ্রামের জেলা উপজেলা পর্যায়ের জামাতের একাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলটি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিকাল ৫ টায় শুরু হয়। এরপর জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মোড়ে মিছিলের সমাপ্তি সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলার শীর্ষনেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সমীতির সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ আরও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মিছিলে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানসহ প্ল্যাকার্ড তুলে ধরেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। যে জুলাই ছাত্র আন্দোলনের ও জনতার আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতা এসেছেন, যদি সে জুলাই সনদ বাস্তবায়ন না করেন। তাহলে আগামীতেও আপনাদের জন্য ইতিহাস অপেক্ষা করছে।
সমাবেশে দলটির জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা বলতে চাই জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ গণ বিপ্লবী, তারা বিপ্লবে বিশ্বাস করে। বাংলাদেশে যতবার ফ্যাসিবাদ জন্ম হয়েছে, যতবারেই গণতন্ত্র একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে, জনগণ তা রুখে দিয়েছে।
সমাপনী বক্তব্যে কুড়িগ্রাম জেলা আমীর অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আপনারা যদি জালিম সরকারের মতো বুঝতে দেরি করেন তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। এ দেশের জনগণকে ঠেকানোর কারো শক্তি নাই। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যখন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে বন্দি করা হতো তখন আপনারা দশ পনেরো বছরেও বালুর ট্রাক সারাতে পারেন নাই। আপনাদের কতটুকু শক্তি তা এদেশের মানুষ ভালো করে জানে। আপনাদের কে অনুরোধ করে বলতে চাই। আমরা আপনাদের ক্ষমতাচ্যুত করতে আমরা রাজ পথে নামতে চাই না।
তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, আপনারা যা শুরু করেছেন তাতে বোধ হয় রাজপথে নামার বেশিদিন অপেক্ষা করার সুযোগ থাকবে না। কারণ আপনারা সংসদ থেকে শুরু করে সকল পর্যায় যে অবস্থা সৃষ্টি করেছেন অনতিবিলম্বে যদি তা বন্ধ না করা হয়। তাহলে নতুন করে ২৫ লক্ষ রাজাকারের বিরুদ্ধে এদেশের মানুষ রাজপথে নেমে আসবে।
জাগো সংবাদ/আরাফাত/কাজল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 1 August, 2026 । 10:01 pm