নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান (ইউএনও) এর বদলি আদেশ স্থগিত হওয়ায় স্থানীয় জনমনে বইছে খুশির ঢেউ; যার বহিঃপ্রকাশ ঘটেছে স্যোশাল মিডিয়ায়। নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী তিনি রাণীনগর উপজেলাতেই প্রশাসনিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এর আগে গত ২৬ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান কে অন্যত্র বদলি এবং রাজশাহীর বাঘা উপজেলার ইউএনও শাম্মী আক্তারকে রাণীনগর উপজেলায় পদায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এমন প্রজ্ঞাপনের পর থেকেই রাণীনগরের সর্বস্তরের জনমনে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক মহল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউএনও রাকিবুল হাসান কে পুলুর বহাল পূর্ণ বহাল রাখার জোর দাবি জানান। স্যোশাল মিডিয়ায় তাকে নিয়ে অসংখ্য পোস্ট, ছবি ও মতামত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা তার জনবান্ধব প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরেন।
এদিকে বাঘা উপজেলার ইউএনও শাম্মী আক্তারকে রাণীনগরে পদায়নের ঘোষণার পর থেকে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতামত ও প্রতিক্রিয়া তৈরি হয়। সবশেষে ২আগষ্ট (রবিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে পূর্বের বদলি সংক্রান্ত আদেশের একটি অংশ বাতিল করা হয়। এর ফলে ইউএনও মোঃ রাকিবুল হাসান এর বদলি আদেশ কার্যকর হয়নি, তিনি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেই দায়িত্ব পালন করবেন।
এই সিদ্ধান্তের খবরে রাণীনগরবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে স্যোশাল মিডিয়াতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশাসনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক জানিয়ে বিষয়টিকে জনমতের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে মন্তব্য করছেন। শতশত ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ সহ ইউএনও রাকিবুল হাসানের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই আবার প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।
জাগো সংবাদ/আরাফাত/রায়হান

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Sunday, 2 August, 2026 । 5:37 pm