বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় স্কুল বিভাগকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর পূর্ব থানা ফুটবল একাদশ।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এ ম্যাচে সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা ফুটবল একাদশ নির্ধারিত ৪০ মিনিটের খেলায় স্কুল বিভাগকে ২–০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় স্কুল বিভাগ।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ তরুণ সমাজের জন্য প্রেরণার উৎস। তাঁদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের প্রস্তুত হতে হবে। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সততা, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইনসহ বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা। সহকারী লাইন্সম্যান ছিলেন মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক মো. শাহনেওয়াজ এবং সদর উত্তর থানা সেক্রেটারি আবু তাহের।
জাগো সংবাদ/আরাফাত/হাফিজুল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 3 August, 2026 । 1:07 pm