মোরেলগঞ্জে নিজ উদ্যোগে ১২শ’ ফুট রাস্তা সংস্কার করলেন এলাকাবাসী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 13 August, 2026 । 11:56 pm

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি কাঁচা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করেছেন স্থানীয় এলাকাবাসী। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের অর্থ, শ্রম ও সহযোগিতায় প্রায় ১২শ ফুট রাস্তার সংস্কার শুরু করেছেন তারা।

বৃহস্পতিবার সকালে বারইখালী কাশ্মীর এলাকা সংলগ্ন পানগুছি নদীর পাড় থেকে শুরু হয়ে ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখে যাওয়া প্রায় ১২শ ফুট রাস্তার সংস্কার কাজ করতে দেখা যায় স্থানীয়দের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেহাল চলাচলে অনুপযোগী অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে কাঁদা ও পানি জমে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন।

সংস্কারকাজে স্থানীয়দের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছেন দুবাই প্রবাসী ও সমাজ সেবক নাঈম হোসেন রিয়াদ তার ছোট ভাই নয়ন খলিফা। এছাড়া স্থানীয় বাসিন্দা এনামুল হক সজিব, আব্দুল কুদ্দুস, বাবুলসহ অনেকে শ্রম, অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এদিকে এ রাস্তা সংস্কার করায় প্রসাংসায় ভাসছেন প্রবাসী ব্যক্তি ও স্থানীয়রা।

স্থানীয়দের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, একটি রাস্তা শুধু চলাচলের পথ নয় এটি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের এই প্রচেষ্টা অন্যদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করা হলেও বর্ষা ও অতিবৃষ্টিতে যাতে রাস্তাটি আবার নষ্ট হয়ে না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার ও উন্নয়ন করা হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এম পলাশ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন