“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রায়পুর থানা পুলিশের আয়োজনে বাসস্ট্যান্ড থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুর থানার সামনে ওসমান চত্বরে গিয়ে শেষ হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, বিএনপি নেতা আলমাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রায়পুর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লক্ষ্মীপুর জেলার সকল থানায় একই কর্মসূচির আওতায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 17 August, 2026 । 8:47 pm