পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ। তিনি ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত ওই আদেশে প্রকৌশলী হাসান মাহমুদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্পের কাজ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে এগিয়ে নিতে সরকারি আর্থিক ও পরিকল্পনা-সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন প্রকল্প পরিচালককে প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং আর্থিক বরাদ্দের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া মন্ত্রণালয়ের লিখিত পূর্বানুমতি ছাড়া তাকে প্রকল্প পরিচালকের পদ থেকে অন্যত্র বদলি করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার প্রকল্প
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার উন্নয়নের লক্ষ্যে পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
গত ১৩ মে ২০২৬ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের আওতায় পদ্মা নদীর মিষ্টি পানির প্রবাহ ধরে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সংরক্ষণ এবং অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্য রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নদীভাঙন কমানো এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Friday, 28 August, 2026 । 11:41 pm