লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের যুবক নিহত, আহত ১

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 1 September, 2026 । 11:45 am

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহি উদ্দীন (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে। আহত মাহি উদ্দীন একই উপজেলার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরোহী তৌহিদের মৃত্যু হয়।

​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দীনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

​দুর্ঘটনার পর পরই মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

​এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/রাসেল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন