প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ রক্ষা ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে আরোপিত টানা তিন মাসের সর্বাত্মক নিষেধাজ্ঞার অবসান ঘটছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর হতে পুনরায় উন্মোচিত হচ্ছে সুন্দরবনের দ্বার। এর মধ্য দিয়ে দীর্ঘ অচলাবস্থার পর খুলনাসহ উপকূলীয় জনপদে ফিরতে শুরু করেছে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়ালী, মৌয়াল, বনজীবী ও পর্যটকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় এখন বনসংলগ্ন ঘাটগুলোতে নেমেছে কর্মব্যস্ততা।
দীর্ঘ বিরতির পর জীবিকার তাগিদে বনে প্রত্যাবর্তনের প্রস্তুতিতে রাত-দিন পরিশ্রম করছেন সুন্দরবননির্ভর মানুষ। নিষেধাজ্ঞাকালীন অলস পড়ে থাকা ট্রলার ও নৌযানসমূহের মেরামত, আলকাতরা প্রদান ও নব রংকরণের কাজ চলছে। কোথাও জাল সেলাই, কোথাও ইঞ্জিন পরীক্ষা, আবার কোথাও মৎস্য আহরণের সরঞ্জামাদি গোছানোর তোড়জোড়।
কয়রা উপজেলার প্রবীণ জেলেরা বলেন, আমাদের বার্ষিক আয়ের সিংহভাগই নির্ভর করে সুন্দরবনের উপর। তিন মাস সংসার চালাতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়েছি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আমরা আবারও রুজির পথে ফিরতে পারব।
সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর কাছে এই নিষেধাজ্ঞার অবসান কেবল বনে প্রবেশের অনুমতি নয়, বরং নতুন করে আয়ের সুযোগ সৃষ্টির বার্তা।
বন উন্মুক্তের পাশাপাশি সচল হচ্ছে পর্যটন খাতও। ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত পর্যটনকেন্দ্রসমূহে দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে সুন্দরবনের সংরক্ষিত এলাকা ও অভয়ারণ্যসমূহে সাধারণের অনিয়ন্ত্রিত প্রবেশ পূর্বের ন্যায় নিষিদ্ধ থাকবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বন বিভাগের এক কর্মকর্তা জানান, আজ ভোর থেকেই বৈধ অনুমতিপত্র নিয়ে জেলে-বাওয়ালীদের নৌকা সুন্দরবনের নদী ও খালের পথে যাত্রা শুরু করবে।
দীর্ঘ তিন মাসের অচলাবস্থার পর সুন্দরবনসংলগ্ন উপকূলের ঘাটগুলোতে এখন একদিকে যেমন জীবিকার নতুন আশার আলো, অন্যদিকে তেমনি নিরাপদে ও বৈধভাবে জীবিকা নির্বাহের প্রত্যাশা। নিষেধাজ্ঞার কারণে আর্থিক সংকটে পড়া হাজারো পরিবারের মুখে এখন স্বস্তির হাসি।
সংশ্লিষ্টরা মনে করছেন, সুন্দরবন উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে উপকূলীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকায় ফিরবে স্বাভাবিক ছন্দ।
জাগো সংবাদ/আরাফাত/এম

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 1 September, 2026 । 9:06 pm