শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 4 September, 2026 । 10:00 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাত্তার মোড় এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার উত্তর উজিরপুর সাত্তার এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে তার হাত থেকে প্লাস্টিকের বোতল ছুটে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান বলেন, শিশুটিকে হাসপাতালে আসার সময়ই মৃত অবস্থায় ছিল। এরপরও তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ইসিজি পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

স্থানীয়রা জানান, নদীতে গোসলের সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে স্রোত ও গভীরতা সম্পর্কে ধারণা না থাকলে শিশুদের নদীতে একা বা সহপাঠীদের সঙ্গে গোসল করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

জাগো সংবাদ/আরাফাত/হানিফ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন