নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হলেন এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 7 September, 2026 । 12:50 pm

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ দায়িত্ব পাওয়ার পর তাঁর নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি ও ডাসারে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা-হয়রানি ও নির্যাতনের মধ্যেও দলের সঙ্গে থেকেছেন আনিসুর রহমান তালুকদার খোকন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়াকে তাঁরা রাজনৈতিক অর্জনের ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

খোকনের এ দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি মাদারীপুরের নৌপথ, নদী ও নৌপরিবহন-সংশ্লিষ্ট উন্নয়ন এবং স্থানীয় মানুষের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসা খোকনের জন্য এ দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁর এই অর্জনে শুধু দলীয় নেতাকর্মীরাই নন, মাদারীপুর-৩ আসনের সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে।

নেতাকর্মীদের ভাষ্য, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে খোকন এখন জাতীয় পর্যায়ে মাদারীপুর-৩ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পাবেন। এ দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশাই তাঁদের।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন