বরিশালে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রাহাত খান গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 7 September, 2026 । 8:40 pm

বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী রাহাত খানকে (২৮) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বরিশাল কোতোয়ালি থানার একদল চৌকস পুলিশ অফিসার নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত রাহাত খান ওই এলাকার মোকসেদ আলী খানের পুত্র।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, রাহাত খান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে প্রভাব বিস্তার করে আসছিলেন। নিষিদ্ধ সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মিছিল-মিটিং সচল রাখতে তিনি বড় অঙ্কের আর্থিক সহায়তা দিতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ, সরকারি জমি চুক্তিভিত্তিতে জোরপূর্বক বালু ভরাট এবং সরকারি ভূমি অবৈধভাবে ভোগদখলসহ নানা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাধারণ জনগণকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে নিজের স্বার্থ হাসিল করে আসছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এই বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, “আটককৃত রাহাত খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কোতোয়ালি থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

আজ (সোমবার) আইনি প্রক্রিয়া শেষে মামলার নিয়ম অনুযায়ী রাহাত খানকে বরিশাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন