চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সিটি সেন্টারে বিরোধ মীমাংসার বৈঠকেই ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গুরুতর আহত হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, কেরানিহাট সিটি সেন্টারে একটি বিরোধ মীমাংসার জন্য কয়েকজন জড়ো হন। বৈঠকের একপর্যায়ে হঠাৎ হামিমকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
নিহত হামিম সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। আটক রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।
তবে বিরোধ মীমাংসার বৈঠক কীভাবে মুহূর্তেই হত্যাকাণ্ডে রূপ নিল, এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হামিমকে কারা এবং কী কারণে ছুরিকাঘাত করেছে, ঘটনার সময় সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 9 September, 2026 । 12:37 pm