প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রতিষ্ঠা হতে যাচ্ছে ‘JUST Innovation Center (JIC)’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগে ইউজিসি (UGC) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অর্থায়নে পরিচালিত ICSETEP প্রকল্পের আওতায় এ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
JIC-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবভিত্তিক স্টার্টআপে রূপ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রযুক্তিভিত্তিক নতুন ধারণা নিয়ে কাজ করা নবীন স্টার্টআপগুলো এ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবে।
নির্বাচিত স্টার্টআপগুলোর জন্য থাকবে ডেডিকেটেড ওয়ার্কিং স্পেস, মিটিং রুম ও সেমিনার রুম ব্যবহারের সুবিধা। একই সঙ্গে আইন, অর্থ ও প্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ পাওয়ার সুযোগও থাকছে।
এ ছাড়া উদ্যোক্তাদের পেশাগত যোগাযোগ বাড়ানো এবং ব্যবসার পরিধি সম্প্রসারণে প্রয়োজনীয় নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে ইনোভেশন সেন্টারটি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী উদ্যোগগুলোকে বাজারমুখী ও টেকসই করার পথও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, JIC-এর উদ্যোগে যবিপ্রবির CSE বিভাগের উদ্ভাবনী স্টার্টআপ গ্রুপগুলোর কাছ থেকে প্রজেক্ট প্রপোজাল আহ্বান করা হয়েছে। প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে নারী উদ্যোক্তাদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
আগ্রহী স্টার্টআপগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে ই-মেইলের মাধ্যমে jic@just.edu.bd ঠিকানায় প্রজেক্ট প্রপোজাল জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ‘JIC Policy’ অনুসরণ করে পরিচালিত হবে।

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 9 September, 2026 । 9:06 pm