বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন অপু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 September, 2026 । 10:26 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এ সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন পায়।

নতুন দায়িত্ব অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি, পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে সংসদীয় পর্যায়ে তদারকির দায়িত্ব পালন করবেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অপুর রাজনৈতিক জীবনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনের প্রচারণাকালে একটি মিছিলে হামলার ঘটনায় গুরুতর আহত হন অপু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। আহত হওয়ার কারণে নির্বাচনী এলাকায় পরবর্তী সময়ে তিনি প্রচারণায় অংশ নিতে পারেননি।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় এখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের বিভিন্ন বিষয়ে সংসদীয় তদারকি ও পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন