পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ দায়িত্বের মাধ্যমে জাতীয় গণমাধ্যমনীতি, তথ্য ও সম্প্রচার খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার জন্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে এই স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।
সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন দায়িত্বে ড. শফিকুল ইসলাম মাসুদের সামনে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ, সম্প্রচারব্যবস্থার আধুনিকায়ন এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে বাউফলের স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ নির্বাচনী এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোও সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন। বিশেষ করে নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি রয়েছে স্থানীয়দের।
রাজনৈতিক অঙ্গন থেকে জাতীয় সংসদ এবং সেখান থেকে জাতীয় গণমাধ্যম ও সম্প্রচারনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়া—ড. শফিকুল ইসলাম মাসুদের জন্য নতুন দায়িত্বটি রাজনৈতিক ও সংসদীয় কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাগো সংবাদ/আরাফাত

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 15 September, 2026 । 9:02 pm