ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগরের একটি সেলুনের সামনে গেলে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে বন্ধুরা ফরহাদকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে ফরহাদ ছিলেন একজন। প্রায় চার বছর আগে তার বিয়ে হলেও কোনো সন্তান ছিল না। তিনি রায়েরবাজারের এলেক্স গ্রুপের সদস্য ছিলেন বলেও জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাগো সংবাদ/আরাফাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Tuesday, 15 September, 2026 । 9:34 pm