গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 17 September, 2026 । 4:25 pm

“মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের সফলতার ২৯ বছর অতিক্রম ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২ সেপ্টেম্বর গলাচিপা পৌরসভার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আবদুল গনি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম সাইয়ুম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান, গলাচিপা থিয়েটারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এবং গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইমুন রহমান এলিট।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। শিশুরা শুধু চিত্রাংকন করেনি তারা প্রত্যেকে তাদের নিজেদের মনের ভাব প্রকাশ করেছে। যা শিশুর মেধা ও মননের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য এ ধরনের সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সমাজের সচেতন মাকে এ ধরনের কর্মকাণ্ডের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আবদুল গনি স্মৃতি পাঠাগারের সদস্য সবুজ কুমার পাল, আবুল কালাম, অনুপ দেবনাথ, অলক কর্মকার, নেসার উদ্দিন, এম এ মান্নান, সামিয়া আক্তার সমি, সাথী বেগম, মুক্তি দত্ত, জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে চাঁদের হাটের নৃত্য শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন