মাদারীপুরে পুলিশের রেকারে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Friday, 23 October, 2026 । 2:56 pm

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা উদ্ধারকাজে পুলিশের দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হাওলাদার সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের ‘হোটেল মেট্রো’ নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোরে নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে পূর্বের একটি দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে নিয়োজিত পুলিশের রেকারের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে সেলিম গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মারুফ রহমান জানান, সকালে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন।

 

জাগো সংবাদ/আরাফাত/এসএম তানবীর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন