গাইবান্ধায় চড়া সুদের ঋণের চাপ, মানসিক হয়রানি ও বাড়ি দখলের হুমকির অভিযোগের মধ্যে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা ঋণ নেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের চাপ ও হয়রানির শিকার হচ্ছিলেন।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর সিদ্দিক বিপুল গাইবান্ধা পৌর শহরের পূর্ব কোমরনই মিতালী বাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী কয়েকজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে প্রায় ৪০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন বিপুল। নিয়মিত টাকা পরিশোধ করার পরও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। সম্প্রতি তার বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের দাবি।
পুলিশ সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পকেট থেকে ছয়জনের নাম উল্লেখ করা একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ছয়জনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, একজন ব্যবসায়ীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিরকুটে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শাহ আলম কিনু, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 1 November, 2026 । 10:40 pm