নওগাঁয় রক্তদানে সচেতনতা বাড়াতে নওগাঁ ব্লাড সার্কেলের প্রচারণা

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Monday, 2 November, 2026 । 9:04 pm

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে নওগাঁয় সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পোস্টারে রক্তদানের আহ্বানসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার পাশাপাশি নিয়মিত রক্তদাতা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ সুযোগ। আমরা চাই, স্বেচ্ছায় রক্তদান সামাজিক আন্দোলনে পরিণত হোক। তরুণ প্রজন্মসহ সমাজের সব সুস্থ ও সক্ষম মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই। আমাদের ছোট্ট একটি উদ্যোগও কারও জীবনে বেঁচে থাকার নতুন আশার আলো জ্বালাতে পারে।আমরা বিশ্বাস করি, সম্মিলিত সচেতনতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে একটি রক্তদাতা-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। রক্তদানে এগিয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান—রক্তদান হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।”

নওগাঁ ব্লাড সার্কেল পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক মো. হায়ালিল বলেন,“স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। আমাদের লক্ষ্য শুধু মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা নয়, বরং সমাজের সর্বস্তরে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দিয়ে নতুন স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা। এ লক্ষ্যকে সামনে রেখে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে পোস্টার ও প্ল্যাকার্ড স্থাপনের মাধ্যমে জনসাধারণকে রক্তদানে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতিসেবা ও বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজনের মুখোমুখি হন। জরুরি মুহূর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নতুন রক্তদাতা তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. হায়ালিল , মো. সোলেমান, আল নাফি, মাসুম বিল্লাহ, মো. রেজুয়ান আহমেদ, মো. হাসিন আলমাস সামিত, মো. রাফিউল ইসলাম মাহি, পাপ্পু সরকার ও মো. মোসাদ্দিকুলসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নওগাঁ ব্লাড সার্কেল জেলায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা, মেডিকেল ক্যাম্প, অক্সিজেন সেবা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সমন্বয় তৈরি এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করতে কাজ করছে।

দিবসটি উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সব সুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের মতো মহৎ উদ্যোগ সম্পর্কেও জনসচেতনতা তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/রিজভী

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন