নিহত শিক্ষিকা রুনার শরীরে ২০টির বেশি আঘাতের চিহ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 7 March, 2026 । 9:31 am

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের ২০টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম এ তথ্য নিশ্চিত করেন।

তার ভাষ্য, গলার ডান পাশে সজোরে ছুরি ঢুকিয়ে আঘাত করা হয়। এতে গভীর ক্ষত তৈরি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বুক, পেট, হাত-পাসহ আরও অনেক জায়গাতেও ছুরিকাঘাতের চিহ্ন আছে।

নিহতের বাবা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার মেয়ের তো কারও সঙ্গে শত্রুতা ছিল বলে আমরা জানি না। কী কারণে এত নৃশংসভাবে আমার মেয়েকে হত্যা করা হলো, সেটা জানতে চাই। আমরা সুষ্ঠু তদন্ত আর বিচারের দাবি জানাই।

এ ঘটনায় নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এজাহারে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মাসুদ রানা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন