এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 10 March, 2026 । 8:17 am

জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন করা হবে না। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হতে পারে। এ জন্য তিনি দেশবাসীর কাছে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সরকারপ্রধান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দিনটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে।

দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা হয়েছে।

তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারপ্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন