শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 18 January, 2022 । 11:36 am

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের প্রকোপ। কয়েক দিন থেকে উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের দাপট বেড়েই চলছে। মাঘের তৃতীয় দিনে কনকনে শীত অনুভূত হচ্ছে। কনকনে এ শীতে চরম বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গেল ৪ দিন ধরে টানা এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

সরজমিনে দেখা যায়, এ জেলায় সন্ধ্যা নামার সাথে সাথে উত্তর দিকে থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে। পাশাপাশি রাত গভীর হওয়ার সাথে সাথে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে পুরো জেলা। তা পর দিন সকাল পর্যন্ত কনকনে শীত ও কুয়াশায় মোড়ানো থাকে। তবে দিনের বেলা সূর্যের আলো পরিলক্ষিত হলেও তেমন সূর্যের উত্তাপ থাকে না।

এ মাঘের শীতে মানুষ কাজকর্ম তেমন একটা করতে পারে না। শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছে না। অন্যদিকে দিন দিন জেলার আধুনিক সদর হাসপাতালসহ বাকি চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেড়েছে রোগীর চাপ, হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তৃপক্ষকে।

তবে আবহাওয়া অফিস বলছে, উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে দিনদিন শীতের তাপমাত্রা ওঠানামা করছে এবং শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর এ জেলায় মৌসুমের প্রথম দিকে শীতের আগমন ঘটে এবং অন্যান্য জেলায় তুলানায় শেষে বিদাই নেয়। পৌষ-মাঘ দুই মাস শীতকাল, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। মূলত নভেম্বর মাসের প্রথম দিকে শীতের আগমন ঘটলেও পঞ্চগড়ে অক্টোবর মাসের শেষের দিকেই শীত শুরু হয় যায়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন