শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে। তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে শিক্ষামন্ত্রী ব্রিফিং করেন। শাবিপ্রবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। কিছুদিন পর আমরা সেখানে যেতে পারি। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনো সময় তাদের সঙ্গে বসব।
আরো পড়ুন> শাবিপ্রবিতে পুলিশের হয়রানির অভিযোগ তদন্ত করছে সদর দফতর
১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়ার কারণে ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ১৩ জানুয়ারি রাতে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়। এর পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।
বুধবার সকাল সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকের উপস্থিতিতে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। জনপ্রিয় এই লেখক, অধ্যাপক শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী করা অনশন পানি পান করিয়ে ভাঙান। তবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে অনশন ভাঙতে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরাও হাসপাতাল থেকে ক্যাম্পাসে থাকা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 26 January, 2022 । 7:55 pm