করোনার সংক্রমণ কমে আসায় এ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা।
বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, আজকে রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। আমরা মনে করি, তারপরে খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
সশরীরে উপস্থিত থেকে ক্লাস করার বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো ততো দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিক ভাবে শুরু হয়ে যাবে।
এর আগে সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিলো সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।
তবে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিলো ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 16 February, 2022 । 5:03 pm