ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
২৭ ফেব্রুয়ারী রাতে শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। গত সোমবারের ও গতকাল মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে শিক্ষকরা কোনও ক্লাসে যোগদান করেননি। শিক্ষার্থীরাও ক্লাসেও আসেননি। মেডিকেল কলেজের গোটা ক্যাম্পাস ছিল প্রায় ফাঁকা।
এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করলেও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেন, সার্জারি বিষয়ে এমবিবিএস ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর জন্য এবং আরও বেশকিছু কারণেই সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম আজাদের ওপর চাপ ছিল। কিন্তু তিনি নতি শিকার না করায় তার বিরুদ্ধে কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে একটি কুচক্রী মহল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ও হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তায়েবা তানজিলা মির্জা বলেন, আমরা বৃহস্পতিবার পর্যন্ত তদন্ত কাজের নির্দেশনা পেয়েছি। আশা করি এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে প্রতিবেদন দিতে পারবো।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 1 March, 2022 । 7:54 pm