টিকাদানে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 12 March, 2022 । 7:15 pm

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা প্রতিরোধী টিকাদানে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম।

শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকার আওতায় দেশের ৭৫ ভাগ মানুষকে আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে (টিকাকরণ) ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা আছে। অন্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুহার অনেক কম; ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে ৫ লাখ ও শক্তিধর যুক্তরাষ্ট্রেও ১০ লাখ মানুষ করোনায় মারা যায়। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ চিকিৎসক ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন