আগামীকাল বিএনপির মহাসমাবেশে জনতার ঢল নামবে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মহাসমাবেশ উপলক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। নেতাকর্মীরা সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে মহাসমাবেশে যোগ দিয়ে সফল করবেন। কারণ সময় এসেছে রাজপথে ফায়সালা করার।’
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘মঙ্গলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিশিরাতের গণশত্রু সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয়—নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ভোটাধিকার আদায়ে রাজপথ দখলের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি সারা দেশ থেকে দলে দলে ঐক্যবদ্ধভাবে আগামীকাল ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী ভোট বঞ্চিত গোটা দেশের মানুষকে যে আহবান জানিয়েছেন, তাতে সাড়া দেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে পুনরায় উদাত্ত আহবান জানাচ্ছি। কারণ সময় এসেছে রাজপথে ফায়সালা করার। সময় এসেছে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকার কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার নব্য বাকশালী মাস্টারপ্ল্যান চূর্নবিচূর্ণ করে আপনার অধিকার প্রতিষ্ঠার।
রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ১৫ বছর ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে পিষ্ট সব মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার আদায় জনগণের এখন মূল দাবি। এ জন্য সকলকে আন্দোলন—সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। দফা এক দাবি এক— শেখ হাসিনারপদত্যাগসহ নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা।
বিএনপি এই সিনিয়র নেতা বলেন,’তারেক রহমান মহাসমাবেশ সফল করার আহবান জানিয়ে বলেছেন, ‘ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেই তাহলে ফ্যাসিস্ট সরকার জনগণের দাবি মানতে বাধ্য হবে। জনগণের এখন একটাই দাবি, ‘দফা এক দাবি এক — শেখ হাসিনার পদত্যাগ’। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবৈধ সরকার, অবৈধ সংসদ আর বর্তমানের মেরুদন্ডহীন নির্বাচন কমিশন রেখে কখনোই নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে পারে না। জনগণ হতে দেবে না’।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক, বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতেও গণতন্ত্রকামী জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না। ৫২’র ভাষা আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি। হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র—মানবাধিকার— ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনও জনগণ ব্যর্থ হতে দেবে না। দাবি আদায় করে তবেই জনগণ ঘরে ফিরবে। জনগণের বিজয় হবেই হবে। বিজয় সন্নিকটে, সুনিশ্চিত।
রিজভী বলেন, ‘র্যাব—পুলিশ এবং জন প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তারেক রহমান বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি জনপ্রশাসনের কর্মকর্তা—কর্মচারীদের সমর্থন থাকা স্বাভাবিক। তবে বিএনপি আশা করে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা-কর্মচারী হিসেবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোটকেন্দ্র। সুতরাং রাষ্ট্র অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে আপনি কোনোভাবেই নিজেকে জড়াবেন না।’
রিজভী আরও বলেন, জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তারেক রহমান আরও বলেন, ‘আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করুন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন? আপনার পরিবারের সদস্যগণ ভোট দিতে পেরেছে? পারেননি। আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে ভোট ডাকাতের সহযোগী হতে পেরেছেন। কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে একটি মাত্র ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি। সুতরাং, জনগণের চলমান যেই আন্দোলন, এই আন্দোলন ‘আপনি যাতে ভোট দিতে পারেন, আপনার সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার—ও আন্দোলন’।
তিনি বলেন, ‘তারেক রহমান আরও বলেন, ‘জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়। আপনারা সতর্ক থাকবেন, জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানারকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে। আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না। আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে পরিণত করবেন না। মনে রাখবেন, আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে’।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 26 July, 2023 । 3:37 pm