চসিকের জলাবদ্ধ সড়কে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 7 August, 2023 । 5:51 pm

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জলাবদ্ধ সড়কে ডুবে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার নন্দিরহাট ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।নিপা ইসলামীয়া হাট বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।স্থানীয়রা জানান, চট্টগ্রামের হাটহাজারীতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে নিপার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বলেন, এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। নিপা সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের ড্রেনে পড়ে যান। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় প্রচুর পানি জমেছে। শুনেছি নিপা মৃগী রোগী ছিল, যে কারণে ড্রেন থেকে আর উঠতে পারেনি। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিপা নামে এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন