অনলাইন ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ছেলের হাসুয়ার কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (৮ আগস্ট) বাঘার মনিকগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (৭০)। অভিযুক্ত ব্যক্তি নিহতের ছেলেন শুকুর আলী পাকা (৪৫)।
বাবা-ছেলে মূলত গাছ কেনাবেচার ব্যবসা করেন। বাবা রুস্তমের কেনা বিভিন্ন প্রজাতির গাছগুলো বিক্রি করতে চান ছেলে শুকুর। এই নিয়ে মঙ্গলবার ভোরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসুয়া দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে শুকুর। এ সময় ঘটনাস্থলেই রুস্তম আলী নিহত হন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হয়েছে। এ ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 12:17 pm