স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করবেন না কিলিয়ান এমবাপে। তবে আসন্ন নতুন মৌসুমে পিএসজির হয়ে খেলতে চান এই ফরাসি ফরোয়ার্ড। ফ্রি এজেন্ট হয়ে আগামী মৌসুমে অন্য ঠিকানায় যেতে চান তিনি। এরই মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ফরাসি ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী এই তারকা।
কিন্তু এমবাপের এমন সিদ্ধান্ত মানতে নারাজ পিএসজি। প্যারিসিয়ান ক্লাবটি চায়—হয় এমবাপে চুক্তি নবায়ন করুক নয়তো আসন্ন মৌসুমেই চলে যাক অন্য কোথাও। কারণ, আগামী মৌসুমে ‘মুক্ত খেলোয়াড়’ হয়ে যাবেন এমবাপে। কিন্তু সময়ের অন্যতম সেরা তারকাকে ফ্রিতে ছাড়তে চায় না কাতারি মালিকানাধীন ক্লাবটি।
সেজন্য শাস্তিস্বরুপ এমবাপেকে ছাড়াই প্রাক মৌসুমে এশিয়া সফর করেছিল পিএসজি। যদিও প্রাক মৌসুমে খেলার জন্য দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ফ্রান্সম্যান। পিএসজির অবস্থান এখনও আগের মতোই আছে। তাই এমবাপেকে দলের নতুন মৌসুমের প্রথম লিগ ওয়ানের ম্যাচের দলেও রাখছে না লা প্যারিসিয়ানরা।
আগামী ১২ আগস্ট রাতে লিগের প্রথম ম্যাচে লরিয়েন্তের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ওই ম্যাচের জন্য প্যারিসে দলীয় অনুশীলন করছে লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু ওই অনুশীলনে নেইমার-হাকিমিরা থাকলেও নেই এমবাপে। এখন তিনি একক অনুশীলনে সময় পার করছেন। যার অর্থ পিএসজির হয়ে মৌসুম শুরু করা হচ্ছে না তার।
ফ্রান্সের সংবাদ মাধ্যম ‘এল ইকুইপে’ জানিয়েছে, চলমান দলবদলের সংকটের কারণে এমবাপের লরিয়েন্তের বিপক্ষে মৌসুম শুরুর ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। পিএসজির সামনে ট্রফি দে চ্যাম্পিয়নের ফাইনাল আছে। সূচি স্থগিত করা হলেও আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ওই ম্যাচও। সেখানেও এমবাপ্পে অনিশ্চিত।
পিএসজির ধারণা, এমবাপে ফ্রি এজেন্টে আগামী মৌসুমে রিয়ালে যাওয়ার বিষয়ে সমঝোতা করে ফেলেছেন। সেজন্য রিয়াল বা এমবাপে তেমন কোনো সাড়া দিচ্ছে না। যদিও এই বিষয়ে রিয়াল বা এমবাপে কেউই মুখ খোলেননি। ফলে আসন্ন মৌসুমে এই নাটকীয়তা কোথায় গিয়ে থেকে সেটাই এখন দেখার বিষয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 1:05 pm