ছুটি কাটিয়ে ফিরেই বৈঠকে বসছেন হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 6:22 pm

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিনে দেশের ক্রিকেটে বেশ বড়সড় ঝড়ই বয়ে গেছে। টাইগার ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরপর ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ আর কয়েকদিন পরেই শুরু হবে এশিয়া কাপের আসর।এ সময়ে বাংলাদেশে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সবশেষ আফগানিস্তান সিরিজের পর খেলোয়াড় ও কোচরা ছুটিতে গিয়েছিলেন। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে হাথুরু ছিলেন অস্ট্রেলিয়ায়। এরপর ছুটি কাটিয়ে সবাই ফিরলেও, দেশে ফেরেননি লঙ্কান কোচ হাথুরুসিংহে।

বুধবার (৯ আগস্ট) ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাথুরু। টাইগার এই প্রধান কোচের সঙ্গে ছিলেন তার ছেলে। তবে সংবাদ কর্মীদের সঙ্গে দেখা না করে বিমাবন্দর ত্যাগ করেন টাইগার কোচ।তার সঙ্গে একই সময়ে দেশে ফিরেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা তাওহিদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। অবশ্য দুই জন বের হয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা গাড়িতে করে।

জানা গেছে, আজ রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি।গতকাল ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে জানানো হবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। এ সময় তিনি বলেন, ‘আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’

এদিকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১ আগস্ট থেকে। শুরুতে ফিটনেস ট্রেনিংয়ের পর এখন স্কিলে মনোযোগী হয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের বাকি সদস্যরাও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দেশে ফেরা লিটন দাস ও তাওহিদ হৃদয় দ্রুতই দলে যোগ দেবেন। তবে এলপিএল শেষ করে দেশে ফিরবেন সাকিব আল হাসান।চলতি মাসের ৩০ তারিখ শুরু হবে এশিয়া কাপ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হয়েছে। ফলে আগামী দুই মাস বেশ ব্যস্ত সময়ই পার করবে টাইগার ক্রিকেট। যে কারণে দ্রুতই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করতে চাইছে বিসিবি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন