টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে ভারতীয় ‘রিস্ট’ স্পিনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 9 August, 2023 । 6:29 pm

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। এই ক্যাম্পে বাংলাদেশি ক্রিকেটাররা বাদেও রয়েছেন ভারতীয় এক স্পিনার। দেশটির কেরালা রাজ্যের ‘রিস্ট’ স্পিনার জিয়াস কারাপ্পা ডাক পেয়েছেন টাইগারদের স্কিল ক্যাম্পে।মঙ্গলবার (৮ আগস্ট) থেকেই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের স্কিল ক্যাম্পে আছেন জিয়াস। টিম ম্যানেজম্যান্ট যত দিন চায়, তত দিন দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি। বর্তমানে মিরপুরের একাডেমি ভবনে থাকছেন এই ভারতীয় স্পিনার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ দলে জিয়াসের আগমন এবারই প্রথম নয়, নেট বোলার হিসেবে আগেও টাইগার শিবিরে বল করেছিলেন তিনি।মূলত,বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম থাকাকালীন তাকে নেটে নিয়ে আসেন।গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে জিয়াস বাংলাদেশ দলের অনুশীলনে নিয়মিত ছিলেন।এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন তিনি।এরপর বাংলাদেশ ক্রিকেটে শ্রীরামের অধ্যায়ের সমাপ্তি ঘটার পর জিয়াসকেও আর দলের সঙ্গে দেখা যায়নি।মূলত এই রিস্ট স্পিনারের বলে অনুশীলন করে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।

জিয়াস শুধুমাত্র বাংলাদেশ দলের নেটেই নয়, অস্ট্রেলিয়ার দলের নেট বোলার হিসেবেও কাজ করেছেন।২০১৭ সালে ভারতের বিপক্ষে সিরিজের আগে কুলদীপ জাদবের বিপক্ষে খেলার প্রস্তুতিটা জিয়াসের রিস্ট স্পিনেই সেরে নিয়েছিল অজি ক্রিকেটাররা।সেই সময় অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচ ছিলেন শ্রীধরন শ্রীরাম।উল্লেখ্য, ২০১৫ সালে আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসে ডাক পেয়েছিলেন জিয়াস কারাপ্পা।কিন্তু আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি তার।কেরালার হয়েও রঞ্জি ট্রফি,দিলীপ ট্রফি বা সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও খেলা হয়নি এই ‘রিস্ট’ স্পিনারের।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন