বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এ বছরের প্রথম শিশুতোষ সিনেমা হতে যাচ্ছে ‘মাইক’। সিনেমাটি মুক্তি পাবে ১১ আগস্ট। এরই মধ্যে সিনেমার প্রচারণা শুরু করেছে মাইক টিম।রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলে প্রচারণায় উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, নাদের চৌধুরীসহ আরও অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক এফ এম শাহীন এবং জাফরুল বিপুল। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ ও নন্দিত নাট্যাভিনেত্রী তানভীন সুইটিকে।
সিনেমাটি নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘আমাদের এ সিনেমার মূল উপজীব্য ৭ মার্চের ভাষণ। যে ভাষণ উদ্বুদ্ধ করেছিল বাঙালি জাতিকে, যে ভাষণ এনে দিয়েছিল বাংলাদেশনামক রাষ্ট্র। আজকে আমরা এ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি, এর সবকিছুর মূলে রয়েছে এ বক্তৃতা। এ সিনেমায় অভিনয় করতে পেরে আমি সত্যিই গর্বিত। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমি মনে করি, দর্শক বিশেষ করে শিশু-কিশোরদের সিনেমাটি ভালো লাগবে।’
সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘আমরা নিজেরা জানতাম না পঁচাত্তর-পরবর্তী সময়ে যে ৭ মার্চ কোনো ভাষণ ছিল কিংবা দেশ কীভাবে স্বাধীন হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর সবকিছু পাল্টে গিয়েছিল। অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছিল। এ দেশকে কে তৈরি করে গেছেন? বঙ্গবন্ধুর একটা ডাকে লাখো মানুষ ছুটে এসেছিল। আমরাই তো সেই সব ইতিহাস জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে জানবে? আপনারা সিনেমাটা দেখুন। যে স্বাধীন দেশে বাস করছি, সে দেশের ইতিহাস তো সবাইকে জানতে হবে।’চলতি বছরে এরই মধ্যে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। তবে খুদে দর্শকদের জন্য কোনো সিনেমাই মুক্তি পায়নি। প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে মুক্তি পেয়েছে মাইকের টিজার। ১ মিনিট ১৯ সেকেন্ডের টিজারটি প্রশংসা পাচ্ছে দর্শকের।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 6:18 pm