অনলাইন ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গত বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 6:40 pm