বিনোদন ডেস্ক : কানাডার জনপ্রিয় র্যাপার ক্লেয়ার হোপের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তিনি লিল টে নামে বেশি পরিচিত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৪। তবে লিল টের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।জনপ্রিয় এই র্যাপারের মৃত্যুর খবরটি যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে নিশ্চিত করেছেন লিল টের ম্যানেজমেন্ট।
বুধবার (৯ আগস্ট) লিল টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে তার পরিবার।
ওই বিবৃতিতে বলা হয়েছে— ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় ক্লেয়ার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। এই অপূরণীয় ক্ষতি ও কষ্টের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। আমাদের অবাক করে তার এই চলে যাওয়া অপ্রত্যাশিত।
জানা গেছে, লিল টের ভাইও মারা গেছেন। সেটা উল্লেখ করে বিবৃতিতে আর বলা হয়, তার ভাইয়ের মৃত্যু আরও কষ্টকর। একই পরিবারের দু’জনের আকস্মিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন। ক্লেয়ার চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তার অনুপস্থিতি একটি অপূরণীয় শূন্যতা। তাকে যারা জানতেন, ভালোবাসতেন তারা সারাজীবন ক্লেয়ারকে অনুভব করবেন।তবে ওই বিবৃতিতে লিল টে কীভাবে কোথায় মৃত্যুবরণ করেছেন সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
কিন্তু সবার প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ক্লেয়ার ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই দুঃখের সময়ে সবাইকে প্রাইভেসি রক্ষার অনুরোধ করা হচ্ছে। কারণ মৃত্যুর ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে।প্রসঙ্গত, লিল টে তার বিতর্কিত বিষয়বস্তুর কারণে মাত্র ৯ বছর বয়সে খ্যাতি অর্জন করে। যা মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে। ২০১৮ সালে কিছু অবমাননাকর ভাষা ব্যবহারের জন্য জনসমক্ষে ক্ষমাও চেয়েছিল এই তারকা। সে সময় তিনি বলেছিলেন, আমি যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি মোটেও এমনটা নই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 August, 2023 । 7:41 pm