বিনোদন ডেস্ক : নরসিংদীর শিবপুরে ধানখেত থেকে মো. রবিউল (১৮) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। তিনি শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেছে বলে জানায় পুলিশ। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা শেষে মরদেহ ওই খেতে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 29 October, 2023 । 6:01 pm