জাগো সংবাদ ডেস্ক : দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলবে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।
সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া।
তিনি জানান, ১০টার পরে দ্বিতীয় দফায় আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলার কথা রয়েছে। এর আগে চলতি বছরের গত মাসে সেপ্টেম্বরের ১৪ তারিখে প্রথম ট্রায়াল রান বা ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।
টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন, প্রকল্পের ৯৯ ভাগ কাজ শেষ। এখন কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের ফিনিশিং কাজ চলছে। তবে উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে যেহেতু বাঁক বেশি তাই হয়তো সম্পূর্ণ গতিতে ট্রেন চালানো হবে না।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার। করোনা মহামারিসহ নানা সংকটে দেড় বছর মেয়াদি এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে পাঁচ বছরেরও বেশি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 30 October, 2023 । 3:24 pm