হয় আমার কিডনি ফেরত দাও, না হলে ১২ কোটি টাকা দাও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 22 February, 2024 । 6:53 pm

বিবাহবিচ্ছেদের মামলায় নানা রকম জটিলতা আসে। স্বামী-স্ত্রী দুই পক্ষের নানা দাবি-দাওয়া থাকে একে অপরের কাছে। তবে সম্প্রতি এক বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে শুরু হয়েছে হইচই। সেই মামলায় সাবেক স্ত্রীর কাছ থেকে নিজের কিডনি ফেরত চাইলেন যুবক।

১৯৯০ সালে বিয়ে হয় রিচার্ড আর ড্যানেলের। তাদের তিন সন্তানও রয়েছে। রিচার্ড বাতিস্তা সাবেক স্ত্রী ড্যানেলের কাছে তার কিডনি ফেরত চেয়েছেন। ড্যানেল তা না দিতে পারলে ১২ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করেছেন রিচার্ড।

রিচার্ড বলেন, ‘আমার স্ত্রীর অসুখের কারণেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার দু’টি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। কিডনি প্রতিস্থাপন না হলে তার প্রাণ বাঁচত না। ২০০১ সালে আমি তাকে কিডনি দিই, অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাকে আমি ভীষণ ভালোবাসতাম। তার প্রাণ বাঁচাতে আমি এই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার এই উদ্যোগের পর আমাদের সম্পর্কের তিক্ততাও দূর হবে। তবে তেমনটা কিছুই হয়নি। ২০০৫ সালে আমার স্ত্রী আমার কাছে বিবাহবিচ্ছেদের দাবি করে।

রিচার্ড আদালতে বলেন ড্যানেলের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি ড্যানেলের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন আর তা না দিতে পারলে কিডনি ফেরত দেওয়ার কথা বলেন।

রিচার্ডের আইনজীবী বলেন, রিচার্ড কেবল তার কিডনির দাম চাইছেন। যদিও আদালত বলেছে, রিচার্ডের কিডনি চাওয়ার দাবি অযৌক্তিক। ওই কিডনি এখন ড্যানেলের। কিডনি নিয়ে নিলে তার প্রাণ চলে যেতে পারে। তাই মামলাটি খারিজ করেছে আদালত। রিচার্ড শেষমেশ মামলাটি হেরে গেছেন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন