বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। বর্তমানে প্যানেল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এতদিন গুঞ্জন চলছিল এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। এবার নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, চলতি বছরের নির্বাচনে নিপুণ ও মামুনুন ইমন এক প্যানেল থেকে নির্বাচন করবেন। এতে সভাপতি হিসেবে দেখা যাবে নিপুণকে আর সাধারণ সম্পাদক পদে লড়তে দেখা যাবে ইমনকে।
সভাপতি পদে কে লড়বেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, সভাপতি পদে কে থাকবে সেটা বলার সময় এখনও আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী সেই সিদ্ধান্ত নেবেন। বর্তমানে তারাই বিষয়টি দেখছেন। এখন প্যানেল গোছানোর কাজ চলছে। আগামী ২ মার্চ আমাদের শিল্পী সমিতির পিকনিক।
এদিকে মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। প্যানেলে সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।
আগামী ৩০ মার্চ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকার প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 28 February, 2024 । 6:22 pm