জাগো সংবাদ ডেস্ক : পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামের কৃষক আবু তালেবের ছেলে সাগর হোসেন। পরিবারের অভাব অনটনের কারণে এইচএসসি পাস করে আর পড়াশোনা করতে পারেননি তিনি। ইচ্ছে ছিল ভাগ্যোন্নয়নে বিদেশ যাবেন কিন্তু অর্থাভাবে সেটিও হয়ে ওঠেনি। তাই স্বপ্ন পূরণে বিদেশ যাত্রার টাকা জোগাতে ঢাকায় এসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু স্বপ্ন পূরণ হলো না সাগরের। লাশ হয়ে ফিরলেন তিনি।
অাজ শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আম তলায় বসে বিলাপ করছিলেন সাগরের কৃষক বাবা আবু তালেব। আগুনে পুড়ে ছেলের মৃত্যুর খবর পেয়ে সকালে ঢাকায় আসেছেন তিনি।
তিনি বলেন, গতকাল রাতেও ছেলে তার মায়ের সঙ্গে কথা বলেছে। আর কয়েকদিন পর বাড়ি ফেরার কথা ছিল। এর মধ্যেই রাতে বিদেশ থেকে আমার ভাতিজা জানায় যে, সাগর যেখানে চাকরি করতো সেখানে আগুন লেগেছে। সকালে জানতে পারি, সে আর বেঁচে নেই।
অভাব-অনটনের সংসারে লেখাপড়া বেশিদূর এগিয়ে নিতে পারেননি সাগর হোসেন (২২)। এইচএসসি পাসের পর বিদেশে যাওয়ার চেষ্টা চালান। তবে অর্থাভাবে সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঢাকায় এসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শুরু করেন। ইচ্ছে ছিল, বেতনের টাকা জমিয়ে বিদেশে যাবেন, ধরবেন সংসারের হাল। তবে তার সে ইচ্ছেও পূরণ হলো না।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 1 March, 2024 । 6:51 pm