জাগো সংবাদ ডেস্ক : নোয়াখালীর সেনবাগে পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি মো. গিয়াস উদ্দিন ও স্নেহেন্দু বিকাশ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সেনবাগ থানার ওয়ারেন্ট অফিসার এস আই উত্তম কুমার সরকার এ তথ্য জানান।
আসামি মো. গিয়াস উদ্দিন উপজেলার কাবলিপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের আবদুল হকের ছেলে ও স্নেহেন্দু বিকাশ রায় উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর দাস বাড়ীর সুনিল রঞ্জন রায়ের ছেলে।
উত্তম কুমার সরকার বলেন, ২০১৪ সালে নোয়াখালী জেলা ও যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক প্রতারণামূলক অর্থ আত্মসাতের একটি মামলায় স্নেহেন্দু বিকাশ রায়কে ৬ মাসের কারাদণ্ড দেন। অপরদিকে ২০০১ সালে নোয়াখালী জেলা ও যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সড়ক দুর্ঘটনায় একটি মামলায় মো. গিয়াস উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড দেন। ওই মামলার রায়ের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
তিনি বলেন, নোয়াখালীর সেনবাগ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন স্নেহেন্দু বিকাশ রায় ও মো. গিয়াস উদ্দিন। পরে আসামিদের নিজ এলাকা থেকে পুলিশের পৃথক দুটি টিম তাদের গ্রেপ্তার করে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 7 March, 2024 । 4:37 pm