কত রোজা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 12 March, 2024 । 4:59 pm

জাগো সংবাদ ডেস্ক : পবিত্র রমজান মাসে দেশের বিদ্যালয়গুলোতে কতদিন শ্রেণি কার্যক্রম চলবে, তা আবারও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

দুই মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, ২৫ মার্চ পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো খোলা থাকবে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে রমজানের প্রথম ১০ দিন; অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

প্রসঙ্গত, পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ মঙ্গলবার স্থগিত করেছেন আপিল বিভাগ। এরপর মন্ত্রণালয়গুলো তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এতে স্কুল খোলা রাখার বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে আবার জানানো হয়েছে।

রোজার মধ্যেও নির্ধারিত তারিখ পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে এক রিটের প্রাথমিক শুনানি হয় গত রোববার। শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন