মালিকপক্ষ জিম্মি জাহাজে উদ্ধার অভিযান নিয়ে যা বলল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 19 March, 2024 । 9:57 am

জাগো সংবাদ ডেস্ক : সোমালিয়ার উপকূলে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চলের পুলিশের বরাত দিয়ে সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশি জাহাজটির মালিকপক্ষ বলেছে, জাহাজটিতে উদ্ধার অভিযানের বিষয়ে তারা কিছু জানেন না। জাহাজ উদ্ধারের চেয়ে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনেই এখন প্রধান লক্ষ্য। তার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিক কবির গ্রুপ। গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনা।

এর আগে ১৪ মার্চ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। তবে বাংলাদেশ সরকার তাতে সম্মতি দেয়নি বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনায় জানিয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম।

তিনি বলেন, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে ওই প্রস্তাবে রাজি হয়নি সরকার ও মালিকপক্ষ।

১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে। জাহাজটি এখন সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করা রয়েছে।

বাংলাদেশি জাহাজটি ছিনতাই হওয়ার পর একটি যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার টহল জাহাজ মোতায়েন করেছিল ভারতীয় নৌবাহিনী। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়া পর্যন্ত সেটির কাছাকাছি এলাকায় অবস্থান নিয়ে অনুসরণ করেছিল ভারতীয় যুদ্ধজাহাজ।

গত শনিবার সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করেন ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (১৮ মার্চ) পান্টল্যান্ড পুলিশ জানায়, এমভি আবদুল্লাহকে দখল করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে তারা।

এক বিবৃতিতে পান্টল্যান্ড পুলিশ জানায়, আন্তর্জাতিক নৌ সেনারা জলদস্যুদের ওপর আক্রমণের পরিকল্পনা করছেন বলে খবর পাওয়ার পর প্রস্তুত রয়েছেন তারা। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ভারতীয় নৌবাহিনী।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন