পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 19 March, 2024 । 6:42 pm

জাগো সংবাদ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তিনজনই পুলিশের ওপর হামলা মামলার আসামি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তার হওয়া মা ও দুই ছেলেকে সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আদালতে আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

আসামিরা হলেন উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া গ্রামের বাসিন্দা মা আমিনা খাতুন ওরফে বেদেনা (৬০) ও তার দুই ছেলে হারুন মিয়া (৪৪) এবং নাঈম মিয়া (২২)।

থানা পুলিশ জানায়, গত ১৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আমিনা খাতুন ওরফে বেদেনাকে ধরতে যায় ত্রিশাল থানা পুলিশের একটি টিম। এ সময় আসামিকে গ্রেপ্তারের পর তার দুই ছেলে হারুন মিয়া ও নাঈম মিয়া দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এএসআই ইসমাঈল, এএসআই গোলাম রসুল এবং এএসআই মো. রাকিবকে (৩৯) কুপিয়ে জখম করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ১৮ মার্চ ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদি হয়ে মামলাটি দায়ের করে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন