জাগো সংবাদ ডেস্ক : নীলফামারীতে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সৈয়দপুরের বাঙালিপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামাণিকের ছেলে নুরে আলম সিদ্দিকী।
আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের হাসপাতালে পাঠান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 3:26 pm