জাগো সংবাদ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া।
বুধবার (২০ মার্চ) সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা মানুষের অনুভূতি শুনে ও তাদের জীবন-জীবিকা অবলোকন শেষে তিনি এ মন্তব্য করেন। এরপর ৯টা ৪৫ মিনিটে তিনি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকা থেকে হেলিকপ্টারযোগে ভাসানচর যান। এর আগে সকাল সাড়ে ৬টায় হেলিকপ্টারযোগে হাতিয়া অবতরণ করেন।
এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুবই সন্তুষ্ট হয়েছেন। তিনি হাতিয়ার কথা মনে রাখবেন। জেলেদের জীবনযাত্রার কথা তিনি শুনেছেন। বিভিন্ন দুর্যোগের সময় কি হয় তার একটা ডেমো তিনি দেখেছেন। সবশেষে তিনি হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 March, 2024 । 3:51 pm