জাগো সংবাদ ডেস্ক : আগামী জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।
কেন্দ্র পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হন, সে জন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিয়েছে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেছি। সেখানে খুব ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে এ বছর নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কিছুটা কম।
গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়।
গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়।
শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 30 March, 2024 । 12:12 pm